ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও চলমান অস্থিরতার জেরে গাজীপুর শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানার সংখ্যা ৩৯টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) সকালে নতুন করে বিক্ষোভের মুখে আরও ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন কারণে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অনেক কারখানা কর্তৃপক্ষ রাতে মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এবং ফটকে নোটিশ টানিয়ে শ্রমিকদের বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গাজীপুর মহানগরের গাছা, বাসন সড়ক ও কলম্বিয়া এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা মাঠে কাজ করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
পুলিশ সুপার আমজাদ হোসাইন আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং জেলার সামগ্রিক অবস্থা বর্তমানে শান্ত রয়েছে। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।



মন্তব্য করুন