দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠকে এই ঐকমত্যের কথা উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে দুই নেতার মধ্যে একান্ত আলোচনা হয়। বৈঠকে এই দুই শীর্ষ নেতা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না।
সূত্রের তথ্যানুযায়ী, দেশের চলমান সহিংস পরিস্থিতি সামাল দিতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী অবস্থানে এক মঞ্চে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন এবং এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না বা এর ভিত্তিতে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুই শীর্ষ নেতার এই একান্ত সাক্ষাৎ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।



মন্তব্য করুন