শিক্ষাজীবনের দীর্ঘ তিন বছরের পথচলা শেষে নতুন কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় থাকা নার্সিং শিক্ষার্থীদের সম্মানে শরীয়তপুরের ডামুড্যায় বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলার আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল আবেগ, স্মৃতিচারণা ও ভবিষ্যৎ জীবনের প্রত্যাশা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অভিজিৎ নাগ এবং কলেজের শিক্ষিকা অসীমা রানী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন আইয়ুবী বলেন, নার্সিং পেশা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবা করার এক মহৎ দায়িত্ব। একজন নার্সকে পেশাগত দক্ষতার পাশাপাশি সততা, ধৈর্য ও মানবিক গুণাবলির অধিকারী হতে হবে। রোগীদের প্রতি সহানুভূতি ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করলে এ পেশার সম্মান আরও বৃদ্ধি পাবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহিদ হোসেন বলেন, এ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ হওয়ায় তাঁদের সঙ্গে কলেজের একটি বিশেষ আবেগ ও গর্ব জড়িয়ে রয়েছে। তিন বছরের শিক্ষা ও প্রশিক্ষণ শেষে তাঁরা এখন বাস্তব কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক সেবার মাধ্যমে তাঁরা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনে কলেজের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। এ সময় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন তাঁরা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। পরে দেশ, জাতি এবং বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



মন্তব্য করুন