দেশের বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডের বিচার, অগ্নিসংযোগ ও সহিংসতা বন্ধ এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর শহরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনা দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁরা আরও বলেন, বিভিন্ন স্থানে কৃষকদলের নেতাদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা এবং মানুষের জানমালের সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের নেতারা অংশ নেন।



মন্তব্য করুন