নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক বায়েজিদ কোতয়ালকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে বায়েজিদ কোতয়ালকে মারধর করেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, বায়েজিদ কোতয়ালের সঙ্গে কয়েকজনের জমি নিয়ে পূর্ববিরোধ ও চলমান মামলার জের ধরে এ মারধরের ঘটনা ঘটে থাকতে পারে।

উদ্ধারের পর পুলিশ তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, জমি নিয়ে আগে থেকেই বিরোধ ও মামলা চলমান ছিল। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়।