আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরোধিতা এবং দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরে আয়োজিত এ কর্মসূচিতে লকডাউন প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দেন সংগঠনটির নেত্রীরা।
জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে তাঁরা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেত্রীরা বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করা, অগ্নিসংযোগ, নাশকতা ও সরকারি সম্পদ ধ্বংসের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তাঁরা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতিতে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন।
কর্মসূচিতে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন