শীতের কষ্ট থেকে অসহায় ও দরিদ্র মানুষকে কিছুটা স্বস্তি দিতে শরীয়তপুরে ৪০০টি কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের কাছে ২০০টি কম্বল হস্তান্তর করেছে সংস্থাটি।

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে কম্বলগুলো গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল। আশার পক্ষে কম্বলগুলো হস্তান্তর করেন সংস্থাটির শরীয়তপুর জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) মো. মাহমুদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন আশার শরীয়তপুর সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম) মো. সাইফুল ইসলাম, জেলা সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. রকিবুল ইসলাম (রাকিব), সদর-১ শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল এবং সদর-২ শাখার ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান সোহাগ।

অনুষ্ঠানে মো. মাহমুদ আলম জানান, শীতার্ত মানুষের সহায়তায় প্রতিবছরের মতো এবারও শরীয়তপুর জেলায় ৪০০টি কম্বল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ২০০টি কম্বল জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। বাকি ২০০টি কম্বল আশার নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষা কর্মসূচির আওতায় জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।

কম্বল গ্রহণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল সংস্থাটির এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আশা তাদের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আশার এ উদ্যোগের মাধ্যমে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।