একদিকে ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, অন্যদিকে বৃষ্টির পানি জমছে শ্রেণিকক্ষে। জরাজীর্ণ ভবনের এমন অবস্থার মধ্যেই প্রতিদিন পাঠ নিতে হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার উত্তর বাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে ভুগছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ ভিজে যায়। এতে শিক্ষার্থীদের বই-খাতা নষ্ট হওয়ার পাশাপাশি স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। কখনো ছাদের পলেস্তারা খসে পড়ায় শ্রেণিকক্ষে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালে ছাদ দিয়ে পানি পড়ে তাদের বই-খাতা ভিজে যায়। আবার কখনো ছাদের পলেস্তারা ভেঙে নিচে পড়ে। এ কারণে শ্রেণিকক্ষে বসে পড়াশোনা করতে ভয় লাগে।
বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও নাজুক। সীমানাপ্রাচীর না থাকায় বিদ্যালয়টি অরক্ষিত অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে বিদ্যালয়ের সিলিং ফ্যান ও প্রয়োজনীয় আসবাবপত্র চুরি হয়েছে। রাতের বেলায় বিদ্যালয় প্রাঙ্গণে মাদকসেবীদের আনাগোনাও দেখা যায়। তারা বিদ্যালয়ের বেঞ্চ ও টেবিল বাইরে ফেলে রাখে বলেও অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে অনেকেই সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোক্তার হোসেন বলেন, বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি। শ্রেণিকক্ষের পরিবেশ ভালো না হলে শিশুরা পড়াশোনায় আগ্রহ হারায়। বর্তমান ভবনের অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছে। নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত পুরোনো ভবনটি সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট ও পানির ব্যবস্থা করতে হবে। এসব সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত হবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, ভবনের ছাদ দিয়ে পানি পড়ে এবং পলেস্তারা খসে পড়ছে। সীমানাপ্রাচীর না থাকায় প্রায়ই বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনা ঘটছে। বিদ্যালয়টি অরক্ষিত থাকায় রাতে মাদকসেবীদের আনাগোনাও বেড়েছে। তারা বিদ্যালয়ের বেঞ্চ ও টেবিল বাইরে ফেলে রাখে। দ্রুত নতুন ভবন ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের দুরবস্থার বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও কয়েক দফা পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়টির জরাজীর্ণ ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে গাছপালাও অপসারণ করা হয়েছে। সমস্যার দ্রুত সমাধানের জন্য বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে থাকা বিদ্যালয়টিতে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, শিশুদের নিরাপত্তা ও শিক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নতুন ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর স্থাপন এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেবে।



মন্তব্য করুন