শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ভোজেশ্বর বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন ছৈয়ালকে দুই দফা রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামের উত্তর উপসী বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
জানাজা শেষে উত্তর উপসী বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিউগলের করুণ সুরের মধ্য দিয়ে সামরিক কায়দায় তাঁকে শেষ সম্মান জানানো হয়। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা এ আনুষ্ঠানিকতায় অংশ নেন।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও পৃথকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পদ্মা সেনা ক্যাম্প থেকে আসা সেনা কর্মকর্তা ও সদস্যরা জাতীয় পতাকা ও বাংলাদেশ সেনাবাহিনীর পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে বিদায়ের করুণ সুর। সামরিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেনাবাহিনীর গার্ড দল শূন্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাঁকে সম্মান জানায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে সেনা কর্মকর্তারা মরহুমের দুই ছেলে মো. মাহবুব ছৈয়াল ও হাফেজ মামুন ছৈয়ালের হাতে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকা তুলে দেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ছৈয়ালের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৭ দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং আটজন নাতি-নাতনি রেখে গেছেন।
১৯৭১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় কিশোর বয়সেই দেশকে স্বাধীন করার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন আবুল হোসেন ছৈয়াল। প্রশিক্ষণ শেষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় সম্মুখযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। কর্মজীবনে কয়েক দফা পদোন্নতি পেয়ে ল্যান্স করপোরাল পদমর্যাদায় অবসর গ্রহণ করেন। অবসরের পর ঐতিহ্যবাহী ভোজেশ্বর বন্দরে ব্যবসা শুরু করেন। সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শরীয়তপুরের বিশিষ্ট সাংবাদিক, স্থানীয় দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট। এক শোকবার্তায় তিনি বলেন, আবুল হোসেন ছৈয়াল ছিলেন একজন নিষ্ঠাবান ও সৎ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ভোজেশ্বর বন্দরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজ একজন পরিচিত ও সজ্জন ব্যক্তিকে হারাল। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের আগামী দিনগুলো শান্তিময় হোক—এ কামনা করেন।



মন্তব্য করুন