কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটন এক্সপ্রেস’ ট্রেনটি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা এলাকায় একটি রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর সন্তান কাশিফা জান্নাত এবং দুই শিশু সাহিল ও মাশরুপা। তাঁদের সবার বাড়ি রামুর চাঁমদের পাড়া এলাকায়।

আহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তানিয়া ও ৯ মাস বয়সী শিশু আয়াত মনি; তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইউএনও আরও জানান, দুর্ঘটনার পর থেকে অটোরিকশাচালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।