জাল সার্টিফিকেট ব্যবহার করে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, সামনে তাঁদের দুর্দিন আসছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনোভাবেই আর জালিয়াতি লুকিয়ে রাখার সুযোগ থাকবে না। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে জানানো হয়, শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার গুণমান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতের প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর না করে প্রকৃত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে; স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এবং আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ ছাড়া জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।