ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর সর্বশেষ ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’-তে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি দেখানো হয়েছে, যা ফ্রান্সের কাছ থেকে কেনা ৩৬টি বিমানের তুলনায় চারটি কম। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর এই হিসাব সামনে আসায় নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে; তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সাবেক শীর্ষ কর্মকর্তা এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, ভারত ফ্রান্স থেকে ২৮টি এক আসনের ও ৮টি দুই আসনেরসহ মোট ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল। এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে সক্রিয় রাফায়েলের সংখ্যা ৩৫টি উল্লেখ করা হয়েছিল, যা নতুন সংস্করণে আগের তুলনায় তিনটি এবং মোট কেনা বিমানের তুলনায় চারটি কম। তবে কোন চারটি বিমান বাদ পড়েছে বা কেন সংখ্যা কমানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি প্রকাশনাটি।

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের চার দিনের সামরিক সংঘাতের সময় পাকিস্তান রাফায়েলসহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। ভারতীয় বিমানবাহিনী তখন ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কতটি বা কোন ধরনের বিমান হারিয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। ফ্লাইটগ্লোবালের সর্বশেষ হিসাব প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ একে তাদের আগের দাবির সমর্থন হিসেবে তুলে ধরলেও ওই প্রতিবেদনে সংঘাতে কোনো যুদ্ধবিমান ধ্বংস হওয়ার প্রমাণ বা তথ্য দেওয়া হয়নি।

ফ্লাইটগ্লোবালের হিসাবকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি তথ্যসূত্র পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, আগেও একই ধরনের দাবি থেকে নির্দিষ্ট সিরিয়াল নম্বর দেওয়া হলেও ওই বিমানগুলো পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, এই তথ্য মন্ত্রণালয় বা বিমানবাহিনী থেকে সরবরাহ করা হয়নি। এ ছাড়া ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য ‘ব্রিজ সাপোর্ট’ বা অন্তর্বর্তীকালীন কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণের দরপত্র প্রকাশ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সামরিক বিমানবহরের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর উন্মুক্ত তথ্য ও ফ্লাইট রেকর্ডের ভিত্তিতে এই ডিরেক্টরি তৈরি করা হয়েছে; বিশেষজ্ঞদের মতে, মেরামত, রক্ষণাবেক্ষণ বা আধুনিকায়নের কাজে থাকা বিমান সক্রিয় বহরের হিসাব থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকে।