দীর্ঘ ১১৪ বছরের গৌরবময় পথচলা, শিক্ষা-ঐতিহ্য ও নানা অর্জনের ইতিহাস সংরক্ষণে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভয়রা উচ্চ বিদ্যালয় প্রকাশ করেছে স্মারকগ্রন্থ ‘শতবর্ষের সারথি’। শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় বিদ্যালয়ের নবনির্মিত ‘কিরন ভবন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শফিকুর রহমান কিরন। তিনি স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন এবং নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাভিশনের বার্তা সম্পাদক বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক এবং সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হাজী শরীয়তুল্লাহ কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পলাশ মাঝি এবং সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালাসহ অনেকে।

স্মারকগ্রন্থ ‘শতবর্ষের সারথি’তে বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে দীর্ঘ ১১৪ বছরের শিক্ষা কার্যক্রম, ঐতিহ্য, সাফল্য ও গৌরবময় নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা এবং শিক্ষা বিস্তারে এর অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, বিদ্যালয়ের নবনির্মিত ‘কিরন ভবন’ উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষা অবকাঠামোয় যুক্ত হয়েছে নতুন স্থাপনা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।