জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে তিন শতাধিক বছরের পুরোনো দিঘির পাশে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। হানিফ সংকেতের উপস্থাপনায় পর্বটি আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
কালবেলার প্রতিবেদনে জানানো হয়, এবারের আয়োজনে তিনটি ভিন্ন আঙ্গিকের গান রাখা হয়েছে। এর মধ্যে সংগীতশিল্পী খুরশীদ আলম তাঁর জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে বিশেষ পরিবেশনা করবেন এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে গাইবেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরে বিশেষ নৃত্যগীত পরিবেশিত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, অনুষ্ঠানে জয়পুরহাটের কৃষি, পোলট্রি শিল্প, দর্শনীয় স্থান ও ঐতিহ্যের পাশাপাশি বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম, ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মনের গল্প এবং যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ড তুলে ধরা হবে।
পাশাপাশি অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ট্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্রবণতা নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ, দর্শকপর্ব ও চিঠিপত্রসহ নিয়মিত পর্বগুলো থাকছে। ফাগুন অডিও ভিশন নির্মিত অনুষ্ঠানটি বরাবরের মতো রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।



মন্তব্য করুন