কক্সবাজারের রামুতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চালকের সামান্য তাড়াহুড়োয় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জাগোনিউজ২৪-এর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার জোহরের নামাজের পর সাজ্জাদ হোসেন রুবেল (২৮) তাঁর স্ত্রী-সন্তান ও বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি উমখালীতে বেড়াতে যাচ্ছিলেন। গন্তব্যের আর মাত্র আধা কিলোমিটার আগে দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ট্রেন আসার হর্ন বাজার পরও চালক জয়নাল মাত্র দু-এক মিনিট অপেক্ষা না করে লাইনে উঠে পড়েন। এতে ট্রেনের সজোর ধাক্কায় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা যায়।
নিহতরা হলেন সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা হোসাইন ইলহাম, রুবেলের বোন কাশিফা জান্নাত রায়হান (২০) এবং কাশিফার ছেলে সাহিল। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনা বড় কবরস্থান মাঠে জানাজা শেষে পাশাপাশি চারজনকে দাফন করা হয়।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা (২০) এবং কাশিফার অপর সন্তান আয়াত মনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তানিয়ার মাথার এক পাশে গভীর ক্ষত ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং এখনো তাঁর জ্ঞান ফেরেনি। কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানিয়েছেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ধরনের অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।



মন্তব্য করুন