কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় দুটি বেকারিতে খাদ্যপণ্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, অভিযানে দেখা যায় বেকারি দুটিতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়।
অনিয়মের দায়ে জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে কুমিল্লা জেলা পুলিশ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
অভিযান শেষে মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বেকারি মালিক সমিতির জিম্মায় প্রতিষ্ঠান দুটিকে সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।



মন্তব্য করুন