ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়েও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত আরও ১৫টি কারখানায় ছুটি এবং দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জাগোনিউজ২৪-এর প্রতিবেদনে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন এবং দুপুর ১টা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

এদিকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কিছু কারখানার সামনে ১৩(১) ধারার নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং সকালে ছুটি দেওয়া কয়েকটি কারখানায় দুপুরে অতিরিক্ত সময় (ওভারটাইম) হিসেবে কাজ চলছে।