বন্যা-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়নের জন্য নেপালকে ১৫ হাজার কোটি ভারতীয় রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া সীমান্ত যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামো খাতের ছয়টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই নেতা।
গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদি। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা স্বাভাবিক করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়ানোই এই ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজের মূল লক্ষ্য।
ভারত-নেপাল সম্পর্ককে আত্মীয়তার বন্ধন ও অটুট আস্থার সম্পর্ক হিসেবে উল্লেখ করে মোদি বলেন, সুখে-দুঃখে দুই দেশ সব সময় একে অপরের পাশে থাকবে। সই হওয়া আটটি সমঝোতা স্মারকের মধ্যে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন ও কৃষির মতো খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছয়টি প্রকল্পের মধ্যে ভারতের অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সরযূ-কামলা এক্সপ্রেস রেলসেবা চালু এবং ধর্চুলা-দারচুলা সংযোগকারী সীমান্ত সেতু উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বনবাসায় নতুন সমন্বিত চেকপোস্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ভৈরহাওয়া, সুনৌলি ও দোধারা-চাঁদনি চেকপোস্টের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
জ্বালানি খাতে ৬৬৯ মেগাওয়াট ক্ষমতার লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্প এবং ঝাপায় পেট্রোলিয়াম টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে মোতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করা হয়।
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান বালেন্দ্র শাহ। সফরের শুরুতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা গ্রহণ করেন তিনি।



মন্তব্য করুন