রাজধানীর মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) চারটি স্টেশনে রিটেইল শপ বা দোকান ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। স্টেশনগুলো হলো উত্তর দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
রোববার (২২ নভেম্বর) ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব ও ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) কামরুজ্জামান মিয়া।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুসরণ করে এই চারটি দোকান ভাড়া দেওয়া হবে। প্রতিটি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকা অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহ করা যাবে আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে। এ জন্য আগ্রহীদের রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের (এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬) তৃতীয় তলার ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।
দোকানগুলোর অবস্থান ও আনুষঙ্গিক শর্ত সম্পর্কে ধারণা দিতে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে একটি ব্রিফিং সভার আয়োজন করা হয়েছে। ওই দিন আগ্রহীদের জন্য সংশ্লিষ্ট স্থান পরিদর্শনের (সাইট ভিজিট) সুযোগও রাখা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে আবেদন জমা নেওয়া হবে এবং একই দিন বিকেল সাড়ে ৩টায় সম্মেলনকক্ষে সবার উপস্থিতিতে আবেদনপত্র খোলা হবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।



মন্তব্য করুন