দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় স্বর্ণের দাম আবারও বড় অঙ্কে কমানো হয়েছে। প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ঠিক করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এর মাত্র দুই দিন আগে, অর্থাৎ শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সে সময় ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা। সর্বশেষ মূল্যহ্রাসের ফলে ২২ ক্যারেট স্বর্ণের ভরি আবারও দুই লাখ টাকার নিচে নেমে এল।