জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানার মতো তথ্যে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হয়ে থাকে। আগে থেকেই প্রাসঙ্গিক নথি গুছিয়ে রাখলে আবেদন প্রক্রিয়া সহজ হয়।
নাম সংশোধনের ক্ষেত্রে নামের বানান বা আংশিক পরিবর্তনে সাধারণত এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), অনলাইন জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে), সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (থাকলে), কাবিননামা বা বিবাহ সনদ এবং স্বামী বা স্ত্রীর এনআইডি লাগতে পারে। সম্পূর্ণ নাম বদলাতে চাইলে এসব কাগজের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা প্রয়োজন হতে পারে এবং ক্ষেত্রবিশেষে নির্বাচন কমিশন সরেজমিন তদন্ত করতে পারে।
বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা সম্পূর্ণ নাম সংশোধনে শিক্ষাগত সনদ, অনলাইন জন্ম নিবন্ধন, বাবা-মায়ের এনআইডি, ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ এবং পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে) প্রয়োজন হতে পারে। পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল বা করের রশিদের মতো অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।
জন্মতারিখ পরিবর্তনের জন্য এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ, অনলাইন জন্ম নিবন্ধন, ভাই-বোনদের এনআইডি, ওয়ারিশ সনদ, কাবিননামা, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স লাগতে পারে। পাশাপাশি সিভিল সার্জনের বয়স নির্ধারণ প্রতিবেদন, সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র, অবসরপ্রাপ্তদের পেনশন বই এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ প্রয়োজন হতে পারে।
স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনে অনলাইন জন্ম নিবন্ধন, বিদ্যুৎ বিল, চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রশিদ এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র লাগতে পারে।
নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নথি চাইতে পারে বলে জানানো হয়েছে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের সপক্ষে যত বেশি সরকারি কাগজপত্র প্রস্তুত রাখা যায়, সংশোধন প্রক্রিয়া তত দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে।



মন্তব্য করুন