নতুন শিক্ষার্থী, নতুন স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়—এমন আনন্দঘন পরিবেশে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানাতে সোমবার (২৩ নভেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করে নড়িয়া সরকারি কলেজ ছাত্রদল।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অতিথিরা তাদের শিক্ষাজীবনের সাফল্য, সুন্দর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. ছাইদুর রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম খান, সহকারী কমিশনার (ভূমি) ও নড়িয়া পৌরসভার প্রশাসক মিস লাকি দাস, উপজেলা বিএনপির সভাপতি মুনী সামসুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাবি, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন, সদস্যসচিব সোহেল তালুকদার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু হেলাল।

নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। তাই লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ফুলেল শুভেচ্ছা ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।