বিএনপিতে ফিরে যাওয়ার জন্য কখনোই কোনো আবেদন করেননি বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের ফিরিয়ে আনার আলোচনার প্রেক্ষাপটে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজের এই অবস্থান পরিষ্কার করেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরবো কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনও আবেদন করি নাই। আমার কোনও কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরবো, এমন মনে করার কোনও কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০ থেকে ৮৫ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানের শীষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সে সময় তাঁদের বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন, যাঁদের অন্যতম রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে জয়ী হওয়া এই নেত্রী বহিষ্কারের আগ পর্যন্ত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া সে সময় বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ার কারণে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি, যাঁদের অধিকাংশই পরবর্তী সময়ে দলে ফেরার জন্য আবেদন করেছেন।