অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে দেশে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।
ড. এম এ মুহিত বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যুর পাশাপাশি এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে এবং চিকিৎসা খরচও বাড়ছে। শুধু সচেতনতা বা জ্ঞান দিয়ে এই সংকট সামাল দেওয়া যাবে না উল্লেখ করে তিনি চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তনের ওপর জোর দেন। পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও কঠোর প্রয়োগ জরুরি বলে জানান তিনি।
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সরকার ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশনসহ ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এতে পুরো ব্যবস্থা ডিজিটাল নজরদারির আওতায় আসবে। এ ছাড়া সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কে আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর ফলে বিনামূল্যের ওষুধের অপচয় কমবে এবং সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো যাবে।
কর্মশালায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে—এ সংক্রান্ত নির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই তা জানেন না। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা জোরদারে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এসব ঘাটতি চিহ্নিত করে পূরণ করার আহ্বান জানান তিনি।
সিএমইর পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমানের সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন ডব্লিউএইচও বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো এবং বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।



মন্তব্য করুন