যশোরের কেশবপুরে আবদুল্লাহ আল মামুন (২৫) ওরফে স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক সাংবাদিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের বিরুদ্ধে। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২২ নভেম্বর) দুপুরে কেশবপুর পৌরসভা এলাকায়। পরদিন সোমবার সকালে তাঁকে গ্রেফতার দেখিয়ে বিকেলে যশোর আদালতে পাঠানো হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন।
আবদুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। পেশাগত কাজের সূত্রে যশোর শহরে বসবাসকারী এই সংবাদকর্মী দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক, মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় পৌঁছালে এনসিপির সদস্যরা মামুনকে আটক করে মারধর করেন এবং বিকেলে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। ছেলের নিঃশর্ত মুক্তি দাবি করে বাবা সোলায়মান হোসেন জানান, তাঁর ছেলে কোনো অপরাধ না করা সত্ত্বেও তাঁকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন দাবি করেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন। এ কারণেই এনসিপির সদস্যরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মারধরের প্রশ্নে তিনি জানান, আটককারীরা তাঁকে দু-একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার সকালে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠান।
এদিকে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনকে মারধর ও পুলিশে সোপর্দ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন। সোমবার রাতে সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সদস্যদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করা হয়েছে।



মন্তব্য করুন