বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে এজলাসে তোলা হয়। শুনানিতে তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন এবং রাষ্ট্রপক্ষ এর পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সাঈদ খোকনকে গ্রেফতার করে ডিবির কাছে হস্তান্তর করে। সেদিন একই মামলায় পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সাঈদ খোকন এজাহারনামীয় ২৯ নম্বর আসামি।



মন্তব্য করুন