গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং সেই ঘটনার ভিডিও ফেসবুকে দিয়ে উল্লাস প্রকাশের ঘটনায় অভিযুক্ত জয়নাল মুন্সী ওরফে জিসান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রায় এক মাস আগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জয়নাল মুন্সীকে গ্রেফতার দেখানো হয়েছে। বিশেষ অভিযানে রোববার (২২ নভেম্বর) রাত ২টার দিকে তাঁকে আটক করা হয় এবং সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তাঁর মুঠোফোন পরীক্ষা করে গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই ঘটনার ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করে উল্লাস করেছিলেন এবং সেই ভিডিও তাঁর ফোনে সংরক্ষিত ছিল। গ্রেফতার জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দার চরযশোরদী গ্রামে হলেও মুকসুদপুর উপজেলা সদরে তাঁদের আরেকটি বাড়ি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, মুকসুদপুর থানায় ভাঙচুর ও হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানার অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে এবং পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করার প্রক্রিয়া চলছে। নগরকান্দায় গ্রেফতার যুবকের বিরুদ্ধে মুকসুদপুর থানা ভাঙচুরের অভিযোগ থাকার বিষয়টিও তাঁরা নিশ্চিত হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



মন্তব্য করুন