প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার ও গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হয়।
বৈঠকে ড. মো. নজরুল ইসলাম বিশেষ র্যাপোর্টিয়ারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা সম্প্রসারণ এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা জোরদারের উদ্যোগগুলো উপস্থাপন করেন। এ ছাড়া দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের পরিকল্পনা ও চলমান কর্মসূচি সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব আশা প্রকাশ করেন, ফরিদা শহীদের এই সফরের মাধ্যমে শিক্ষার অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও ফলপ্রসূ আলোচনা হবে। সফর শেষে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশগুলো দেশের শিক্ষা খাতকে শক্তিশালী করার চলমান প্রচেষ্টায় সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি। পুরো সফরে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উষ্ণ অভ্যর্থনা ও সফর আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ফরিদা শহীদ। বাংলাদেশের শিক্ষানীতি, গৃহীত উদ্যোগ ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে তিনি সফরের পুরো সময়জুড়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে ফরিদা শহীদের এই সফর ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।



মন্তব্য করুন