ইজিবাইক চুরির অভিযোগে পুলিশের চাকরিচ্যুত সহকারী উপপরিদর্শক (এএসআই) মিরান শেখকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া এলাকার মওলার বাড়ির মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মিরান শেখ বটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারকোর্ট পূর্বপাড়া এলাকার আহমেদ শেখের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিকেল ৪টার দিকে ইজিবাইকচালক সোহরাব খান দৌলতপুর থানার মিনাক্ষী হল-সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। সে সময় চাকরিচ্যুত এএসআই মো. মিরান শেখ তাঁকে খুলনা পুলিশ লাইনসের সামনে যাওয়ার কথা বলেন। ওই এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত আরও দুজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলনায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন।

পরবর্তী সময়ে খালিশপুর থানার বকুলতলা মোড়-সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের সামনে পৌঁছালে মিরানের ফোনে তাঁর মায়ের মৃত্যুর খবর আসে বলে জানানো হয়। তিনি ইজিবাইক থামাতে বললে চালক গাড়ি থামান এবং পানি খাওয়ার জন্য বিপরীত দিকে গেলে মিরান ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর চালক ডিবি কার্যালয়ে গিয়ে মৌখিক অভিযোগ করেন।

খুলনা মহানগর ডিবি পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, চাকরিচ্যুত এএসআই মিরান প্রতারক প্রকৃতির এবং বাটপারি ও অসদাচরণের কারণেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে হানি ট্র্যাপের মতো অভিযোগও রয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। ইজিবাইক চুরির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।