শরীয়তপুর জেলা পুলিশ লাইনসে ডাব পাড়তে গিয়ে নারকেল গাছ থেকে পড়ে সাহেব আলী চোকদার নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় তাঁর মৃত্যু হয়।
নিহত সাহেব আলী শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকার মৃত মতিন চোকদারের ছেলে। তিনি পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি ছিলেন এবং বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে শরীয়তপুর জেলা পুলিশ লাইনসে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জেলা পুলিশ লাইনসের দেয়ালের পাশের একটি নারকেল গাছে ডাব পাড়তে উঠেছিলেন সাহেব আলী। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় পৌঁছানোর আগেই মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় তাঁর মৃত্যু হয়।
নিহতের দাফন-কাফনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, সাহেব আলী আউটসোর্সিংয়ের একজন কর্মী ছিলেন। বিকেলে ডাব পাড়তে গাছে উঠে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে এবং আগামীতেও পরিবারের পাশে থাকা হবে বলে জানান তিনি।



মন্তব্য করুন