সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজেই আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়াস্থলে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শনে গিয়ে এ দৃশ্যের অবতারণা হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সেনাপ্রধানকে পাশে নিয়ে প্রধানমন্ত্রীর সাঁজোয়া যান চালানোর এই দৃশ্য দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে পৌঁছানোর পর সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে তিনি মহড়াস্থলে প্রবেশ করেন এবং তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করেন।
স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত দলগুলোর সমন্বিত প্রশিক্ষণ, পেশাদারিত্ব ও সামরিক কৌশলের নানা দিক তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী অনুশীলনস্থলে উপস্থিত কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
যৌথ সামরিক অনুশীলন দেখার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের একটি বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন সরঞ্জাম ও প্রযুক্তি সম্পর্কে অবগত হন। যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে এদিন বিকেলেই হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।



মন্তব্য করুন