ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে শনিবার এক কর্মসূচিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এমন মন্তব্য করেন, যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে। রানাঘাটের এই এমপি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার তুলে দেওয়া হবে। আগেও এক ছিল বাংলা, আবার এক হয়ে যাবে।”

তার এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা মন্তব্যটিকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার বলেন, “তিনি প্রায়ই বিভ্রান্তিকর মন্তব্য করেন। আমরা তার সুস্থতা কামনা করি।”

শুভদীপ আরও যোগ করেন, সীমান্ত সুরক্ষা ভারতের কেন্দ্রীয় সরকারের আওতাধীন বিষয়, রাজ্য সরকারের নয়। ফলে এই ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলছে এবং বিজেপি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার দাবি তুলছে, তখন দলের এক সাংসদের এমন বক্তব্য তাদের নীতি ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।

এমন প্রেক্ষাপটে জগন্নাথ সরকারের মন্তব্যকে কেউ কেউ আবেগপ্রবণ রাজনৈতিক উক্তি হিসেবে দেখছেন, আবার অনেকে সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকিস্বরূপ ইঙ্গিত বলেও ব্যাখ্যা করছেন। ফলে বিষয়টি শুধু রাজ্য রাজনীতিতেই নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Facebook Comments Box