শরীয়তপুরের জাজিরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজ উদ দৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা, জাজিরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে শিক্ষক, গবেষক, চিকিৎসক, সাংবাদিকসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য ও মেরুদণ্ডহীন করার এই ঘৃণ্য ষড়যন্ত্র ইতিহাসের এক কালো অধ্যায়।

বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।