শরীয়তপুরের জাজিরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত গৌরবময় বিজয়ের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহমিদুল ইসলামের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাজিরা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এরপর যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬টা ৩৫ মিনিটে জাজিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

এছাড়াও সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা রবীন্দ্র ও নজরুল মঞ্চে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, যুদ্ধাহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

এদিন সুবিধাজনক সময়ে হাসপাতাল, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন আলোকসজ্জায় সাজানো হবে।

এদিকে, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মদের নেতৃত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।