শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইতিহাস, আবেগ আর গৌরবের এক অনন্য মিলনমেলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫। লাল-সবুজের পতাকায় সেজে ওঠা পুরো উপজেলা দিনভর উৎসবমুখর পরিবেশে স্মরণ করেছে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন—স্বাধীনতা।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এ সময় বিজয়ের বার্তা ছড়িয়ে পড়ে পুরো জনপদে। ভোর ৬টা ৩৫ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধার এই আয়োজনে অংশ নেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, জাজিরা প্রেস ক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এরপর জাজিরা উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বর্ণিল আয়োজন। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও স্কাউটস দলের মনোমুগ্ধকর ডিসপ্লে দর্শনার্থীদের মুগ্ধ করে। একই সঙ্গে শুরু হয় বিজয় মেলা, যেখানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর ১২টায় জাজিরা পুরাতন বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিকাল ৩টায় উপজেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহম্মদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুহুল আমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুন নাহার, পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজ উদ দৌলা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খবির উদ্দিন রমিজী, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক শিকদার মোঃ মেজবাহ উদ্দিন, জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার সুফল নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো আজ সময়ের দাবি।

দিনব্যাপী এসব কর্মসূচিতে জাজিরার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের এসব আয়োজন মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার এক দৃঢ় প্রত্যয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box