আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার সহকর্মী আবুল কাশেম। অন্যদিকে, শরীয়তপুর-২ আসনে আলহাজ সফিকুর রহমান কিরণের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন উজ্জল ফরম গ্রহণ করেন।
শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম মোস্তফা নামে আরও একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছেন। শরীয়তপুরের এই তিন আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর বড় দলগুলোর অংশগ্রহণে এই নির্বাচন স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। বিশেষ করে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের মাধ্যমে শরীয়তপুরের নির্বাচনী সমীকরণ নতুন মাত্রা পেয়েছে।

মন্তব্য করুন