অন্তর্বর্তী সরকারের নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণার পর দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে হজযাত্রীর বেশে তিনি সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন।
সূত্র জানায়, সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর হজ পালনের উদ্দেশ্যে ইহরাম পরিহিত অবস্থায় তিনি দেশ ছাড়ার চেষ্টা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একটি মামলায় নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়েছিল। মামলাটি দায়ের করেন বিএনপির এক নেতা, যেখানে অভিযোগ করা হয় যে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুরুদ্দিন অপু একটি মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে হামলার শিকার হন। ওই হামলায় অপু গুরুতর আহত হন এবং হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এছাড়া অন্তত অর্ধশত বিএনপি নেতাকর্মী আহত হন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া আব্দুল আউয়াল সরদারের বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই-বাছাই চলছে।
গ্রেপ্তারের পর তাকে গোসাইরহাট থানায় স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।