প্রায় দুই দশক পলাতক থাকার পর ধর্ষণ ও নির্মম হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক হাওলাদার (৪৫) অবশেষে ধরা পড়েছেন পুলিশের জালে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে রাজধানীর তুরাগ থানাধীন কাওনিয়া এলাকার বাদালদী বাঁধ থেকে গ্রেফতার করে শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশ।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার তাকে শরীয়তপুরের বিজ্ঞ আদালতে হাজির করা হয়।

২০০৬ সালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চারমাইজারী গ্রামে এক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করেন রাজ্জাক। এ ঘটনার দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড ও আরও একটি ধারায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার আগেই গা ঢাকা দেন রাজ্জাক। পরিচয় গোপন করে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি।