পরিবেশ দূষণ রোধ ও খরচ বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইঝারা গ্রামের মুদিদোকানি ইমান ঢালী। বাজারে ফেলে দেওয়া ২৫০ ও ৫০০ মিলির ৪০ হাজার প্লাস্টিক বোতল সংগ্রহ করে এসব বোতলে বালু ভরে নিজ বাড়ির চারটি কক্ষের দেয়াল নির্মাণ করছেন তিনি।
ইউটিউব ভিডিও দেখে ধারণা নিয়ে স্থানীয় রাজমিস্ত্রির সহায়তায় এই কাজ শুরু করেন ইমান। ইটের তৈরি পিলারের পাশে একটির পর একটি বোতল সিমেন্টের প্রলেপে বসিয়ে তৈরি করা হচ্ছে দেয়াল। নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮-৯ লাখ টাকা।
ইমান জানান, এসব বোতল আগে এলাকার ডোবা-নালা নোংরা করত। সেগুলো পুনর্ব্যবহারে তিনি উদ্যোগী হন। নির্মাণকাজে সহযোগিতা করছেন স্ত্রী রুনা লায়লা ও পরিবারের অন্য সদস্যরা।
রাজমিস্ত্রি ইব্রাহীম সরদার বলেন, প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি নির্মাণ তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। বোতলের গায়ে থাকা বিভিন্ন রঙের কারণে দেয়ালেও সৃজনশীলতা প্রকাশ পাচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, প্লাস্টিকের পুনর্ব্যবহার হওয়ায় প্রকল্পটি পরিবেশবান্ধব বলেই মনে হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নজরে রাখা হবে।

মন্তব্য করুন