শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় রান্নার জন্য মাছ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শাহিনুর বেগম (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাসুদেবচাপ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শাহিনুর বেগম ওই এলাকার শাহ জামালের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রান্নার প্রস্তুতি নিতে শাহিনুর বেগম মাছ কেটে পুকুরে ধুতে নামেন। কিন্তু দীর্ঘ সময়েও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম জানান, নিহত গৃহবধূর পরিবার থেকে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে ছোট ছোট সন্তানদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনা এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন