বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেছেন, “একসময় জঙ্গিবাদ ছিল একটি নাটক। বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৮ বছর আমরা সেই নাটক দেখে এসেছি। আজ আমরা ফ্যাসিস্টদের কবল থেকে মুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি।”
রোববার (১৩ জুলাই) দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে “মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা এখন নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করছি। সকলকে সঙ্গে নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব।”
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার নাসির উদ্দিন কালু, বিএনপি ও জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলার নেতৃবৃন্দ, সুধীজন ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্যরা।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শরীয়তপুরের ১৪ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

মন্তব্য করুন