ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ডের প্রধান নির্বাহী জানান, সভাপতি কয়েক সপ্তাহ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বার্তায় বুলবুল লেখেন, জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং দ্রুতই কাজে ফিরবেন।

বুলবুলের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বোর্ড পরিচালকদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভিন্ন ক্লাবের সঙ্গে বিসিবির বৈরী সম্পর্ক নিয়ে সরগরম মিরপুর। অনেক ক্লাবই বর্তমান বোর্ডের অধীনে ঘরোয়া লিগে অংশ নিতে অনীহা প্রকাশ করে আসছে।

এদিকে বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু সোমবার মিরপুরে সাংবাদিকদের জানান, নতুন সরকার শপথ নিলে ক্রিকেটের এই অচলাবস্থা কাটবে বলে তিনি আশাবাদী। ক্লাবের সঙ্গে দূরত্ব ঘোচানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা চলবে না এবং সবকিছু নিয়মের মধ্যে ফিরিয়ে আনতে হবে।