আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পথে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে চায়ের বিরতিতে ৩ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। বিরতির পর মুশফিক তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। এতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৪৬ রানে।
চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে বড় লিডের দিকে এগিয়ে নিচ্ছে। মুশফিক ৫৫ রান নিয়ে ব্যাট করছেন, আর শান্তর সংগ্রহ ৩২ রান।
লাঞ্চের পরপরই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দীর্ঘ স্পেলে বোলিং করা ইয়ামিন আহমাদজাইয়ের বলে দ্বিতীয় স্লিপে শহিদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ৩১ রানে ফেরেন তানজিদ হাসান। এটি আহমাদজাইয়ের দ্বিতীয় উইকেট।
এরপর দলের হাল ধরেন মুশফিক। প্রথম ইনিংসে কোনো রান না করেই আউট হওয়া এই অভিজ্ঞ ব্যাটার দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। ক্রিজে আসার তিন ওভার পর ক্লিপ করে চার মেরে রানের খাতা খোলেন তিনি। এরপর বেশ কয়েকটি বাউন্ডারি মেরে দ্রুত রান বাড়াতে থাকেন।
দিনের প্রথম সেশনেও বাংলাদেশ দুটি উইকেট হারায়। মোহাম্মদ সেলিমের বলে ক্যাচ দিয়ে ১৩ রানে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। প্রথম ইনিংসেও একই বোলারের বলে প্রায় একই ধরনের শটে আউট হয়েছিলেন তিনি।
এরপর ইয়ামিন আহমাদজাইয়ের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ৭ রানে ফেরেন মুমিনুল হক। দুই সেশনে তিনটি উইকেট হারালেও মুশফিক ও শান্তর জুটি বাংলাদেশকে আবারও শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

মন্তব্য করুন