ডারবানে অস্ট্রেলিয়ার কাছে ২৪১ রানে হারের পর দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। গেবেখায় অনুষ্ঠেয় ম্যাচ থেকে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাথু ব্রিটস্কি। আগামী রোববার থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

কিংসমিডে প্রথম টেস্টে স্টাবস দুই ইনিংসে করেন ৩২ ও ১ রান। এর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে তার ব্যাট থেকে এসেছিল ৪৯ ও ৯৪ রান। অন্যদিকে ব্রিটস্কি এখন পর্যন্ত দুটি টেস্টে করেছেন মাত্র ১৪ রান। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক এবং ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারির পর প্রথম শ্রেণির ক্রিকেট না খেললেও সাদা বলের ক্রিকেটে ছন্দে আছেন এই ২৭ বছর বয়সী ব্যাটার, ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন।

দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড বলেন, “ম্যাট আগেও আমাদের দলের অংশ ছিল। ওয়ানডেতে তার বর্তমান ফর্ম তাকে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রেখেছে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, ম্যাটের মানসিকতা ও দৃঢ়তা।”

দ্বিতীয় টেস্টে উইকেটরক্ষক হিসেবে খেলবেন রায়ান রিকেলটন। ফলে একাদশ থেকে বাদ পড়তে পারেন টানা ১৩ ইনিংসে ফিফটি না পাওয়া কাইল ভেরেইনা, যদিও তিনি স্কোয়াডে আছেন। রিকেলটন ওপেনিংয়ে থাকবেন নাকি নিচের দিকে ব্যাট করবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কোচ। হ্যামস্ট্রিং চোটে টনি ডি জর্জি এখনো বাইরে, কাগিসো রাবাদা ফিট হলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন।
—