গ্রাহকদের পাওনা দ্রুত ও হয়রানিমুক্তভাবে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে সাড়ে ছয় কোটি টাকারও বেশি অর্থ বীমা দাবি হিসেবে পরিশোধ করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে মোট ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার সমপরিমাণ বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।
কোম্পানির নিজস্ব বিশেষ গ্রাহকসেবা কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে পপুলার লাইফ ইনস্যুরেন্স। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, “গ্রাহকের সঞ্চয়ের সঠিক মূল্যায়ন ও নির্ধারিত সময়ে বীমা দাবি মেটানোই পপুলার লাইফের মূল লক্ষ্য। বীমা খাতের প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে তুলতে আমরা প্রযুক্তিগত স্বচ্ছতা ও দ্রুততম সময়ে পাওনা পরিশোধের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখব।”
পপুলার লাইফ ইনস্যুরেন্সের জিএম মো. শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হাসান, ডিএমডি মো. কামাল হাসান মহসিন ও মাহমুদ খলিলুর রহমান সিকদার, এসইডি মাহমুদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মাকলছুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে দাবি নিষ্পত্তি হলে বীমা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরও সুদৃঢ় হয়। দেশের অর্থনীতিতে বীমা খাতের অবদান বাড়াতে গ্রাহকসেবার মান উন্নত করার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা। এতে স্থানীয় কর্মকর্তা ও সুবিধাভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন