মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নতুন থ্রাস্টারযুক্ত ‘উড়ন্ত’ রোডস্টার উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক গাড়িটি প্রদর্শন করেন। গাড়িটি ২০২৮ সালে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

টেক্সাসের ম্যাকগ্রেগারে স্পেসএক্সের স্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীতে রোডস্টারটি উল্টো হয়ে চলা, পাশাপাশি রাখা পাঁচটি গাড়ি টপকে যাওয়া এবং স্পেসএক্সের থ্রাস্টার ব্যবহার করে শূন্যে ঘোরার মতো কসরত দেখায়। দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার পর গাড়িটি উন্মোচন করা হলো। ৯ বছর আগে আড়াই লাখ ডলার অগ্রিম দেওয়া ক্রেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইলন মাস্ক জানান, এটি এমন একটি গাড়ি হবে যা সত্যিই রাস্তায় চলবে। তবে এটি সব বিচারব্যবস্থায় সাধারণ সড়কে চালানোর আইনগত অনুমোদন পাবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের সংশয় রয়েছে। কারণ রেসিং ট্র্যাকে ব্যবহারের অনুমতি পেলেও সাধারণ সড়কে চলাচলের অনুমোদন পাওয়া ভিন্ন চ্যালেঞ্জ।

টেসলার দাবি অনুযায়ী, স্পেসএক্সের থ্রাস্টার চালু থাকলে নতুন রোডস্টারটি মাত্র এক সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৯৬ দশমিক ৬ কিলোমিটার গতি অর্জন করতে পারবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৭০ কিলোমিটার হতে পারে। তবে এর ব্যাটারির ধারণক্ষমতা বা নতুন করে চূড়ান্ত দাম ঘোষণা করা হয়নি। বর্তমানে মডেলটি একবার পূর্ণ চার্জে প্রায় ৯৯৮ কিলোমিটার চলতে পারে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।