অভিনেতা ওমর সানী স্ত্রী মৌসুমী ও পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুঞ্জন ও সমালোচনার প্রতিবাদ জানিয়েছেন।

তিনি দাবি করেছেন, পরিবারকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে কিছু ব্যক্তি ও পেজ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এসব পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরানো না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হয়, ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে মৌসুমীকে বাসা থেকে বের করে দিয়েছেন। ওমর সানী এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।

১৪ অক্টোবর বিএফডিসির মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, তাকে, স্ত্রী ও সন্তানদের নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে পরিবারকে আলোচনার উপকরণ বানানো হচ্ছে। এ ধরনের প্রচারণায় সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।

ওমর সানী জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তার ছেলে ফারদিন। মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন।’