বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

রাশেদ খাঁন বলেন, রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের উস্কানি আছে কিনা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উস্কানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।

এসময় তিনি জামায়াত আমিরের সমালোচনা করে বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাঁকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু জামায়াতের আমির একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ও ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামায়াতে যোগ দেওয়ার পরেও কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত আছে।