ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন থেকে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে কোশাগোপালপুর গ্রামের একটি কলা রাখার ঘর থেকে জালে জড়িয়ে প্রাণীটি আটক হয়। পরে বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের সদস্যরা সেটিকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে যান।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোশাগোপালপুর গ্রামের বাসিন্দা ও কলা ব্যবসায়ী আব্দুস শুকুর আলীর ঘরে দীর্ঘদিন ধরে রাতে ঢুকে কলা খেয়ে ফেলত গন্ধগোকুলটি। সকালে কলার ঘরে গিয়ে কলা নষ্ট ও খাওয়ার বিষয়টি দেখতে পেতেন বাড়ির লোকজন। উপায় না পেয়ে ঘরের চারপাশে জাল পেতে রাখা হয়। বুধবার রাতে সেই জালে আটকা পড়ে প্রাণীটি। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা গিয়ে সেটিকে উদ্ধার করেন।

আব্দুস শুকুর আলীর ছেলে মো. ইসমাইল আলী জানান, বেশ কিছুদিন ধরে রাতের বেলা কলা খেয়ে নষ্ট করছিল প্রাণীটি। জালে আটকা পড়ার পর বন বিভাগে খবর দেওয়া হয়।

ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, গন্ধগোকুল একটি বিপন্ন প্রজাতির প্রাণী। উদ্ধার করার পর প্রাণীটিকে কার্যালয়ে রাখা হয়েছে এবং সেটি সুস্থ আছে। সুবিধাজনক সময়ে নিরাপদ স্থানে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।