খুলনায় গুলি করে হত্যার ঘটনায় আবারও প্রাণ গেল এক যুবকের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তুষার (৩২) নামের ওই যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ভোরে মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এতে পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তুষার। এ ঘটনায় নগরীর জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়ে। একটি গুলি তুষারের পিঠে লাগে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

নগরীতে গুলির ঘটনায় প্রাণহানির এ ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে এ ধরনের হত্যাকাণ্ড ঠেকানো এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।